এই সময় - মতিউর রহমান মল্লিক

এই সময় আকাশ খুব বেশি সংক্ষিপ্ত 
দেয়াল টপকাতে গেলেই বিঘ্নিত দৃষ্টিরা অন্তরমুখী 
গারদের দিকে 
অন্তত পাখি দেখলেতো ঐ রকমই। 

অথচ কথোপকথন ভালোবাসে সে সব বৃক্ষ 
দিনানুদিন অপেক্ষমাণ সমস্ত নীল প্রজাপতির জন্যে 
কেবল সেই সব ছায়ায় গেলেই 
প্রসারিত ও প্রশস্ত খামার এবং ফসলিত সমতল। 

দুঃখ এবং যন্ত্রণা উপদেষ্টা হয়ে গেলে যে রকম 
ভেসে আসে- 
নিসর্গের নিমজ্জন থাকলে পাখা খোলার আগ্রহ জন্মে 
বিস্তার ও বিন্যাসের জন্যে জলাশয়কে 
নদীর দিকে নিয়ে যাও। 

এখন আমার নির্ণিত জলাশয় 
এবং নিমগ্নতা সীমান্ত ছিঁড়েছে 
আর অন্তরীণতা থেকে উপলব্ধি- এই জলস্রোত 
ঢেউ ঢেউ বেজে যেতে লাগলো 

তুমুল প্রপাত যার উপমা। 

==========

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url